কবিতা - শালিক হৃদয় স্থলে, কবি - মারিয়া শাইরি
শালিক হৃদয় স্থলে
মারিয়া শাইরি
স্মৃতির কাজলে স্বপ্ন জমেছে
ঘুমহীন রাতচোখ
নিখিল কথার মরণ যাপনে
আঁচড় কাঁটে শ্লোক ।
কলম ধরেছি বহুদিন পরে
কাগজ দিয়েছে আড়ি ,
বিফল এঁকেছে সবল ছবি
সরল মধুর দাড়ি ।
শব্দ গুলো জলেতে ডুবেছে
বাক্যের অভিনয়ে ,
বিজয়ের পরেও হার মেনেছি
মায়ামুখী পরাজয়ে।
মেঘেদের ভীষণ ক্লান্ত দেখায়
কসমিক নীরবতা
কাব্য কলমে জখম লিখেছি
কবিতা হয়েছে খাতা ।
রোদের তৃষায় ভেসেছি শুধু
দুই নয়নের জলে,
প্রথার কবলে আটকে পড়েছি
শালিক হৃদয় স্থলে ।
জীবনের মানে খুঁজেছি যখন
ব্যথারা দিয়েছে সাড়া
নিশিতে জাগি বিষাদ আঁকি
ঘুমিয়ে থাকে পাড়া ।

